* দিনের পর রাত যায়। হেমন্তের পর বসন্ত যায়। জ্যোত্স্নার পর অন্ধকার যায়। এইরূপ প্রত্যেক কিছুরই আসা-যাওয়া আছে। আমারও নিশ্চয় যাওয়া আছে। কিন্তু আমার প্রস্তুতিইবা কই? পথের সম্বল কী?
* এই সংসার একটি নিত্যনৈমিত্তিক বাজার বিশেষ। জীবন মূলধন লইয়া ভালো-মন্দ ক্রয় করিবার জন্য আসিয়াছে। কেহ লাভ করিয়া, কেহ লোকসান দিয়া চলিয়া যাইতেছে। কেহ কেহ আবার নতুন আসিয়া দোকানপাট বিছাইয়া বেচাকেনা আরম্ভ করিতেছে। ইহাই বাজারের স্বভাব।
* আমি নদীর কূলে বসিয়া এক জোয়ার, এক ভাটা দেখিলেই আমার জীবন বুঝা যায়। প্রথমে আমার জোয়ারের মতো যৌবন আসিতেছিল। মধ্য বয়সের পর ভাটার মতো যৌবন যাইতে বার্ধক্য দশায় আমি কুঁজা হইয়া গেলাম। তখন নদীর কূলেও আমি নাই। তখন কে জানে আমি কোন অজানা দেশে নিখোঁজ হইলাম।