আম, এই ফলটি বাঙালি শুধু নয় গোটা বিশ্বে সবচেয়ে উপাদেয় ফল গুলি একটি বললে অতুক্তি হয় না। কিন্ত এই ফলের স্বাদ মাত্র দু তিন মাসের বেশি কপালে জোটেনা। আগের দিনে মা, দাদি, নানিরা সারা বছর খাওয়ার জন্য বাড়িতেই বানিয়ে রাখত আমসত্ত্ব আর জেলি। আজকাল বাজারে নামী ব্রান্ডের জেলি খেয়েই অভ্যস্ত আমরা। কিন্ত খুব অল্প সময়ে বাড়িতেই বিনা পিজারভেটিভ দিয়েই বানানো যায় পাকা আমের জ্যাম। তা যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকরও। অনেক সময় একটু বেশি পেকে যাওয়া আম খাওয়া যায় না, সে সব আম ফেলে না দিয়ে জ্যাম বানিয়ে রেখে দিন। দেখবেন দারুণ উপাদেয় এই আমের জেলি চেটেপুটে খাচ্ছে ছোটো বড় সবাই।
উপকরণ:
একটু বেশি পাকা আম – ১ কেজি, চিনি-১ কেজি
প্রণালী:
আমের খোসা ছাড়িয়ে বড় ছাকনি অথবা ঝুরিতে ঘষে মন্ড তৈরি করুন। তারপর মিক্সার বা ব্লেন্ডারে চিনি আর আমের মন্ডকে ভাল করে মিশিয়ে নিন। একটা ভারী তলওয়ালা পাত্রে ঢিমে আঁচে বসিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়তে থাকুন। মন্ডটা ঘন হয়ে এলে হাতের দু আঙুলে নিয়ে দেখুন সরু সুতোর মতো তৈরি হচ্ছে কিনা। সুতো কাটলেই আঁচ থেকে নামিয়ে নিন। ঠান্ডা হলেই বোতলে ভরে ফেলুন। এক কেজি আমে প্রায় চার বোতল জ্যাম হবে। শুকনো ও ঠান্ডা জায়গায় রেখে দিলে প্রায় ৬ মাস ভালো থাকে বাড়িতে বানানো এই জ্যাম।