পর্দা, কার্পেট, টেবিলম্যাট, দেয়াল ও মেঝেতে অনেক সময় দাগ পড়ে যায়। আর ঘরে বাচ্চা থাকলে দাগ পড়াটা অবাঞ্ছনীয় কিছু নয়। এসব দাগ তুলতে জেনে নিন কিছু সহজ টিপস:
* পর্দায় রঙের দাগ লেগে শুকিয়ে গেলে প্রথমে তারপিন তেল এক টুকরো কাপড়ে লাগিয়ে ঘষে ঘষে মুছুন। বেশ কিছুক্ষণ ভেজা অবস্থায় রাখুন। মাঝেমধ্যে তারপিন তেল লাগিয়ে রাখুন। রঙের দাগ উঠে গেলে গুঁড়া সাবান স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করুন।
* বাচ্চারা অনেক সময় বলপেন দিয়ে বেডকভারে, বালিশের ওয়াড়ে আঁকাজোঁকা করে। বলপেনের দাগ সহজে উঠতে চায় না। প্রথমে সামান্য নেইলপলিস রিমুভার দিয়ে ঘষুন। এরপর সামান্য গুঁড়া সাবান দাগের ওপর ঘষে ঘষে লাগিয়ে রাখুন সারা রাত। পরের দিন ধুয়ে ফেলুন।
* খাবার টেবিলে নেট বা সুতির কভারে দুধ পড়ে দাগ হয়। দুধ পড়লে সঙ্গে সঙ্গে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে দিন। গরম পানি ব্যবহার করবেন না। এতে দাগ আরো গাঢ় হয়। এরপর গুঁড়া সাবানে আধঘণ্টা ভিজিয়ে ধুয়ে ফেলুন।
* বারান্দার টবে যে জায়গায় গাছ থাকে সেই মেঝেতে কাদা, মাটি, গ্রিজ লেগে মরচের মতো লাল দাগ হয়। গরম পানিতে আনসুইটেন্ড লেমনেড মেশান। এই মিশ্রণ দাগের ওপর ঢেলে শক্ত ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করুন। তারপর স্পঞ্জ ও পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলুন।
* দেয়ালে পেনসিল বা ক্রেয়নের দাগ মুছতে রাবারের ইরেজার ব্যবহার করতে পারেন। খুব গাঢ় দাগ হলে ২ টেবিল চামচ বেকিং সোডা ও সামান্য পানি মিশিয়ে লাগিয়ে রাখুন। তারপর পরিষ্কার কাপড় দিয়ে ধুয়ে ফেলুন।
* কার্পেটের মতো ভারী ফেব্রিক্সে তেল-মসলার দাগ পড়তে পারে। ১ টেবিল চামচ লিকুইড হ্যান্ডওয়াশ, ১ টেবিল চামচ হোয়াইট ভিনেগার ও ২ কাপ কুসুম গরম পানি মিশিয়ে রাখুন। দাগের ওপর সামান্য মিশ্রণ ঢালুন। কিছুক্ষণ পর শুকনো কাপড় দিয়ে চেপে চেপে মুছুন। এভাবে কয়েকবার করুন। ধীরে ধীরে দাগ উঠে আসবে। এরপর ঠাণ্ডা পানি দিয়ে জায়গা মুছে নিন। সম্ভব হলে রোদে দিয়ে শুকিয়ে নিন।