উপকরণ :
সুজি (চেলে নেওয়া) ১ কাপ,
টক দই ১ কাপ,
বেকিং সোডা সিকি চা-চামচ,
পেঁয়াজ (মাঝারি) ১টি,
রসুন থেঁতো করা ২ কোয়া,
লবণ স্বাদমতো,
কাঁচা মরিচ (মিহি কুচি) ৪টি,
ক্যাপসিকাম অর্ধেকটি (ছোট কিউব করে কাটা),
পনির (ঝুরি করা) সিকি কাপ ও প্রতিটি ইডলির জন্য আরও ১ চা-চামচ করে।
টমেটো (বীচি ফেলে ছোট কিউব করে কাটা) সিকি কাপ, গাজর (পাতলা করে লম্বা কুচি) সিকি কাপ।
প্রণালি :
পেঁয়াজ ও রসুন গ্রেটারে মিহি করে গ্রেট করে নিন অথবা একত্রে পাটায় পিষে নিন।
গাজর, টমেটো, ক্যাপসিকাম ও টপিংয়ের পনির বাদে অন্যান্য সমস্ত উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে মসৃণ করে ফেটে আধা ঘণ্টা রেখে দিন। ঘন ব্যাটার হতে হবে।
আধ ঘণ্টা পর আরেকবার মসৃণ করে ফেটে নিন। মাইক্রোওয়েভ ওভেনের কুকারে আধা কাপ পানি ১ মিনিট গরম করে তাতে স্টিমার বসিয়ে দিন। এর ওপর ইডলির ছাঁচ বসান। ইডলির ছাঁচে বা ছোট ছোট বাটিতে ব্যাটার ঢেলে তার ওপর প্রতিটিতে ১ চা-চামচ করে পনির ঝুরি ছিটিয়ে দিন। এর ওপরে ক্যাপসিকাম ও গাজর কুচি দিয়ে পছন্দমতো সাজিয়ে স্টিমারে রেখে মাইক্রোওয়েভ কুকার ঢেকে হাইপাওয়ারে প্রথমে ৩ মিনিট ও পরে ২ মিনিট ভাপ দিন। হয়ে গেল চটজলদি সুজি পনির ইডলি। চুলায়ও স্টিমারে ইডলির ছাঁচে স্টিম করতে পারেন। নারকেলের চাটনি অথবা পুদিনাপাতা ও ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন।