প্রেম বড়ই অমূল্য বস্তু। পৃথিবী হতে সূর্য সরে গেলে পৃথিবী অসার ও নির্জীব হয়ে নিজের অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে। তদ্রূপ প্রাণীর চিত্ত হতে প্রেম অপহরণ করলে প্রাণী এক মুহূর্তও বাঁচতে পারবে না। প্রেমের দ্বারাই জগত্-জীব রসাল রয়েছে। এটি আবার নানা প্রকার যথা কামজ প্রেম, রূপজ প্রেম, গুণজ প্রেম, নিঃস্বার্থ প্রেম, স্বাভাবিক প্রেম ইত্যাদি।
নিখুঁত ও নিঃসন্দেহ রূপে জ্ঞাত বা অবগত হওয়ার নাম জ্ঞান। শুদ্ধ আধ্যাত্মিক জ্ঞানকে চতুর্বিধস্তরে ভাগ করা যেতে পারে। যথা-অঙ্কুরিত জ্ঞান, মুকুলিত জ্ঞান, প্রস্ফুটিত জ্ঞান ও প্রফলিত জ্ঞান।
এই পৃথিবীতে মোটামুটি চার শ্রেণীর চেতন পদার্থ দেখতে পাওয়া যায়। উদ্ভিদ, পশু, পক্ষী ও মানব। তন্মধ্যে মানবই শ্রেষ্ঠ। কারণ মানবের জ্ঞানবিচার আছে। মানব আবার সামাজিক দলবদ্ধ হয়ে জাতিভেদ সৃষ্টি করেছে। যথা-মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি। মানব আচার-ব্যবহার ধর্মনীতি ইত্যাদি পালন করে তার দ্বারা চলার পথে জাতিভেদ দেখা যায়। কারণ স্থান-কাল-পাত্রভেদে সামাজিক নিয়মকানুনের প্রকারভেদে জাতির নামকরণ হয়েছে। কিন্তু প্রকৃত প্রস্তাবে আব্. আতস, খাক, বাদ সৃষ্টির মূলে স্রষ্টা একক এবং সর্বজাতি একত্বজ্ঞানে জ্ঞানী।