ত্রিধারা শব্দের অর্থ তিনটি প্রবাহ। এই জগতের প্রাকৃতিক লীলাক্ষেত্র যে মহাকালের আবর্তন চলিতেছে, ইহাতে যাবতীয় মানব ও প্রাণীর জন্য তিন ধারা নির্ধারিত আছে। যথা-জন্ম, জীবন-মৃত্যু। এই জগতে কালের ধারা স্রোত অনুসারে কামনা-বাসনা ভোগাদির পূরণের জন্য মানবরূপে জন্ম লইয়া ধরাধামে আগমন করার নাম জন্মধারা।
আরবী মতে ছোয়াব-গুনাহ, আমাদের দেশীয় ভাষায় ভাল-মন্দ, আধ্যাত্মিক মহাপুরুষদের মতে অজ্ঞান-স্বজ্ঞান ইত্যাদি। পাপ কোন রূপক পদার্থ নহে। যেই কর্মে দেহের-মনের ও আত্মার অমঙ্গল ঘটায় ও চিত্ত মলিন হয়। দেহে রোগ, মনে গ্লানি, ইহকাল-পরকালে মানসিক যাতনা ভুগিতে হয়, তাহাই পাপ, নতুবা পাপের কোন রঙ, রূপ, ওজন বা পরিমাণ কিছুই নাই। তবে ইহা হইতে পারে যে, কোন পাপকর্মের ফলস্বরূপ মনের যন্ত্রণা, ক্ষোভানল শক্তি, প্রবলতা হেতু দীর্ঘদিন ভুগিতে হয়। তাহাকে আরবী শব্দে বা শাস্ত্রে কবিরা গুনাহ বলিয়া থাকেন, অথবা বৃহত্তম পাপ বলিয়া থাকেন। আবার কোন কোন পাপকর্মের ফলজনিত যন্ত্রণাভোগ মানসপটে বহুদিন স্থায়ী হয় না। তাহাকে আরবীতে গুনাহ ছগিরা বা ক্ষুদ্রতম পাপ বলে।