জগতে জন্মগ্রহণ করে রীতি অনুসারে সমাজবদ্ধ হয়ে স্ত্রী-পুত্রসহ সংসার করে বসাটা দোষের নয়। কিন্তু স্ত্রী-পুত্র, ধনদৌলত, পরিবারবর্গ ইত্যাদি খণ্ড বস্তুর সঙ্গে মনের আসক্তি সংযুক্ত থাকা ভয়ঙ্কর দোষের ব্যাপার। সংসার আসক্ত-মন কিছুতেই আত্মজ্ঞান লাভ করতে পারে না।
আত্ম অর্থ নিজ, দেহস্থ আত্মাকে আমরা বলি নিজ। সেই আত্ম দেহের সঙ্গে সম্বন্ধ রাখে বলে আমরা দেহ শুদ্ধ আমি বলি। কিন্তু প্রকৃত প্রস্তাবে আমি দেহ নয়, আমি দেহের অধিকারী আত্মা। জ্ঞানে-ধ্যানে-ভাবে-বিচারে বুদ্ধি সাধন তপস্যা, ধর্মীয় অনুষ্ঠানাদি, আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান গুরুভক্তি, ইহকাল ও পরকাল চিন্তা, যাবতীয় নিগূঢ় তত্ত্বাদিতে যার মন যত ধাবিত, তার মন তত উন্নত।