দেশি মুরগি বেশ শক্ত বিধায় রান্না করাটাও সময় সাপেক্ষ। অনেকের আবার এই অভিযোগও আছে যে দেশি মুরগির রোষ্ট মজা হয় না ফার্মের মুরগির মত, রান্নার পর রঙটা কালো হয়ে যায় অনেকেরই। আপনারও কি একই সমস্যা? তাহলে জেনে নিন দেশি মুরগি দিয়ে বিয়ে বাড়ির চিকেন রোষ্ট তৈরির “পারফেক্ট” একটি রেসিপি। আপনিও বলতে বাধ্য হবেন যে এর চাইতে সহজ রেসিপি আর হয় না!
উপকরণ :
মুরগি ২টি,
আদা বাটা ২ টেবিল চামচ,
রসুন বাটা ২ টেবিল চামচ,
টক দই ৩ কাপ লিকুইড হলে, ঘন হলে ১.৫ কাপ,
পিঁয়াজ বাটা ৩ কাপ,
লবণ,
পোস্তদানা বাটা ২ চা চামচ,
জায়ফল, জয়ত্রী বাটা একসাথে ১ চা চামচ,
কেওড়া জল ১/৪ কাপ,
গোলাপজল ২চা চামচ,
তেল ২ কাপ,
জিরা বাটা ২ চা চামচ,
ধনিয়া গুঁড়া ২ চা চামচ,
মরিচগুড়ো আধা চা চামচ,
কাঁচামরিচ বাটা ২ টেবিল চামচ আর আস্ত ৫টি,
বাদাম বাটা ২ টেবিল চামচ আর অবশ্যই এক চামচ চিনি।
প্রস্তুত প্রণালী :
মুরগি ভালো মতো ধুয়ে নিন। এইবার মুরগির সাথে একটু আদা বাটা, রসুন বাটা আর টকদই দিয়ে ম্যারিনেড করে মানে হাত দিয়ে ভালোমতো মাখিয়ে ৩০ মিনিট ফ্রিজে রাখুন। ৩০ মিনিট পর মুরগিগুলো অল্প তেলে ভেজে নিন হালকা বাদামি হবে, দেখবেন ভাজা যাতে বেশি কড়া না হয়ে যায়। এইবার ঐ বড় ছড়ানো পাতিলটা আনেন দেখি। হ্যাঁ ঐটাই। চুলোয় দিন। এখন তেল দিন, তেল গরম হলে পিঁয়াজবাটা দিয়ে ভাজতে থাকুন, একটু বাদামি করে ভাঁজুন। তারপর আদা, রসুন, পোস্তদানা, জায়ফল, জয়ত্রী, বাদাম আর কাঁচা মরিচ বাঁটা দিন এবং ভাঁজতে থাকুন কিছুক্ষণ। বাকি মসলা আর টকদই দিয়ে দিন গোলাপজল আর কেওড়াজলসহ। ভালোমতো
কষিয়ে নিন মসলা। এরপর ভাঁজা মুরগি দিয়ে দিন। মুরগিসহ ১০ মিনিট কষান এবং তারপর ২ গ্লাস পানি দিন। ঢাকনা দিয়ে রান্না করুন ৩০ মিনিট। তারপর আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। এবার আবারো ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে পানি শুকিয়ে ফেলুন যতক্ষণ ঘন গ্রেভি না হবে। এরপর পরিবেশন করুন আপনার ইচ্ছেমতো, আমি পরিবেশন ছাড়াই দিলাম কারণ পরিবেশনের উপকরণ ছিল না। ওহ লবণ আর চিনি দিতে ভুলবেন না কিন্তু এইখানে দুইটাই পরিপূরক। রান্না করার সময় পরিমাণ বুঝেই রান্না করুন আর অবশ্যই আগ্রহ নিয়ে নাহলে মজা অর্ধেক কমে যাবে পোলাও-এর সাথেই পরিবেশন করুন। সালাদ/রাইতাও নিতে পারেন।